PCOS এখন PMOS: আপনার যা জানা জরুরি

বহু বছর ধরে নারীদের একটি পরিচিত হরমোনজনিত সমস্যার নাম ছিল PCOS বা Polycystic Ovary Syndrome। চিকিৎসক, রোগী, গবেষক সবার কাছেই নামটি বহুল পরিচিত ছিল। সম্প্রতি কিছু বিশেষজ্ঞ ও গবেষক PCOS নাম পরিবর্তন করে PMOS হিসেবে নির্ধারণ করেছেন। অনেকেই প্রশ্ন করছেন, “হঠাৎ নাম বদলানোর প্রয়োজন হলো কেন?” আসলে এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং রোগটিকে নতুনভাবে বোঝার একটি বৈজ্ঞানিক পরিবর্তন।

PCOS নামটি কেন বিতর্কিত ছিল?

Polycystic Ovary Syndrome নামটি শুনলে মনে হয় এটি শুধু ডিম্বাশয়ে (ovary) অনেক সিস্ট বা তরলপূর্ণ থলি হওয়ার রোগ। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। গবেষণায় দেখা গেছে, অনেক PCOS রোগীর ডিম্বাশয়ে কোনো সিস্ট থাকে না আবার অনেক নারীর ডিম্বাশয়ে অনেক সিস্ট থাকলেও তাদের PCOS নেই। এটি শুধুমাত্র প্রজনন সমস্যা নয়, মানব শরীরের মেটাবলিক প্রক্রিয়া, মানসিক, হরমোনগত ও হৃদরোগজনিত সমস্যার সাথেও জড়িত। অর্থাৎ, নামটি রোগটির পুরো চিত্র তুলে ধরছিল না।

PMOS নামের অর্থ কী?

প্রস্তাবিত নতুন নাম Polyendocrine Metabolic Ovarian Syndrome (PMOS) রোগটির প্রকৃত বৈশিষ্ট্য তুলে ধরে:

  • Polyendocrine: অর্থাৎ একাধিক হরমোন এই রোগে জড়িত।
  • Metabolic: মেটাবলিজম ও ইনসুলিন রেজিস্ট্যান্স এই রোগে গুরুত্বপূর্ণ।
  • Ovarian: এটি ডিম্বাশয়ের একটি প্রধান সমস্যা।
  • Syndrome: একাধিক লক্ষণ ও জটিলতার সমষ্টি।

এতে দেখা যাচ্ছে, নতুন নামটি রোগটিকে সিস্টেমিক ডিজঅর্ডার হিসেবে ব্যাখ্যা করবে।

PMOS আসলে কী ধরনের রোগ?

বর্তমানে বিশেষজ্ঞরা এটিকে শুধুমাত্র ডিম্বাশয়ের রোগ হিসেবে দেখেন না। এটি মূলত শরীরের হরমোন এবং মেটাবলিজমের একটি জটিল ভারসাম্যহীনতা। প্রধান কারণগুলো হলো:

  • হরমোনের ভারসাম্যহীনতা
  • ইনসুলিন রেজিস্ট্যান্স
  • জেনেটিক বা বংশগত প্রভাব
  • দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন (প্রদাহ)
  • অস্বাস্থ্যকর জীবনযাত্রা
  • শারীরিক পরিশ্রমের অভাব
  • অতিরিক্ত মানসিক চাপ

তেমনিভাবে এই রোগের লক্ষণগুলো শুধু ডিম্বাশয়ে সীমাবদ্ধ নয় বরং পুরো শরীরে ছড়িয়ে থাকে, এরমধ্যে রয়েছে:

  • অনিয়মিত মাসিক
  • প্রজনন সমস্যা
  • মুখে বা শরীরে অতিরিক্ত ও অবাঞ্ছিত লোম গজানো
  • তীব্র ব্রণ
  • অতিরিক্ত ওজন বৃদ্ধি
  • মাথার চুল পাতলা হওয়া বা কমে যাওয়া
  • টাইপ-২ ডায়াবেটিস
  • হৃদরোগ
  • দীর্ঘস্থায়ী বিষণ্নতা ও উদ্বেগজনিত সমস্যা

প্রতিকার ও নিয়ন্ত্রণ

যেহেতু PMOS একটি 'সিস্টেমিক ডিজঅর্ডার', তাই এর নিয়ন্ত্রণে সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তনই সবচেয়ে কার্যকর:

  • খাদ্যাভ্যাস: চিনিযুক্ত খাবার, ময়দা, সাদা চাল এড়িয়ে আঁশযুক্ত খাবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত সুষম খাবার গ্রহণ করা
  • ওজন: শরীরের বাড়তি ওজন ৫-১০% পর্যন্ত কমানো
  • ব্যায়াম: নিয়মিত অন্তত ৩০-৪০ মিনিট হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম করা
  • মানসিক স্বাস্থ্য: পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির জন্য যোগব্যায়াম বা মেডিটেশন করা
  • চিকিৎসা: একজন এন্ডোক্রিনোলজিস্ট বা গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী ইনসুলিন সংবেদনশীলতা ও হরমোনের ভারসাম্য ঠিক করতে ঔষধ সেবন করা।

নাম পরিবর্তনের ইতিহাস

এই পরিবর্তন রাতারাতি হয়নি। প্রায় চৌদ্দ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিকভাবে এর গবেষণা চলছিল। ২০২৬ সালের ১২ই মে প্রাগে অনুষ্ঠিত ইউরোপীয় এন্ডোক্রিনোলজি কংগ্রেসে মোনাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলেনা টিড-এর নেতৃত্বে নতুন নাম PMOS বা Polyendocrine Metabolic Ovarian Syndrome নির্ধারণ করা হয় এবং দ্য ল্যানসেট (The Lancet) এর মতো বিশ্বের অন্যতম প্রাচীন, প্রভাবশালী এবং স্বনামধন্য সাপ্তাহিক পিয়ার-রিভিউড মেডিকেল জার্নালে প্রকাশিত হয়।

এই প্রক্রিয়ায় অংশ নেয় ৫০টিরও বেশি আন্তর্জাতিক সংগঠন, হাজার হাজার চিকিৎসক ও গবেষক এবং প্রায় ১৪–২২ হাজার রোগী ও স্বাস্থ্যকর্মী। বিশেষজ্ঞরা রোগীদের অভিজ্ঞতাও গুরুত্ব দিয়েছেন। অনেক রোগী অভিযোগ করেছিলেন যে PCOS নামটি তাদের সমস্যাকে ছোট করে দেখায়।

রোগীদের দৃষ্টিকোণ থেকে পরিবর্তনটি কেন গুরুত্বপূর্ণ?

অনেক নারী বছরের পর বছর ওজন বৃদ্ধি, প্রজনন সমস্যা, ব্রণ, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপজনিত সমস্যায় ভুগলেও ডিম্বাশয়ে কোন সমস্যা না থাকার কারণে গুরুত্ব পাননি। কারণ নতুন নামকরণের আগে দেখা যেতো আল্ট্রাসাউন্ডে সিস্ট না থাকলে রোগ নির্ণয়ে দেরি হতো, মেটাবলিক সমস্যাগুলো গুরুত্ব পেত না এবং রোগ সম্পর্কে ভুল ধারণা তৈরি হতো। নতুন নামটি এখন চিকিৎসকদের মনে করিয়ে দেবে যে, এই রোগ শুধু একটি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টের ওপর নির্ভর করে না।

সবাই কি এই পরিবর্তনের সাথে একমত?

না, এখনো বিতর্ক আছে। কারণ বিজ্ঞান মানেই প্রশ্ন, পরীক্ষা ও সংশোধনের ধারাবাহিক প্রক্রিয়া। কিছু বিশেষজ্ঞ মনে করেন, PMOS নামটিও অনেক দীর্ঘ, এটি সাধারণ মানুষের কাছে কঠিন লাগতে পারে এবং পুরনো নাম এত পরিচিত যে পরিবর্তনে সময় লাগবে। তবে অধিকাংশ গবেষক একমত যে পুরনো নামটি রোগটির প্রকৃত বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ করত না।

এখন PCOS নাম কি পুরোপুরি বাদ যাবে?

চিকিৎসাবিজ্ঞানে পরিবর্তন ধীরে ধীরে আসে, তাই এই নামের পরিবর্তন পুরোপুরি এখনোই সম্ভব নয়। আগামী কয়েক বছরে গাইডলাইন, গবেষণা পত্র ও চিকিৎসা শিক্ষায় নতুন নাম ধীরে ধীরে ব্যবহার শুরু হবে। আশা করা যাচ্ছে ২০২৮ সালের মাঝে আন্তর্জাতিক গাইডলাইনে প্রকাশ হবে। তবে অনেকদিন পর্যন্ত PCOS (now PMOS) এভাবেও লেখা হতে পারে।

এই নাম পরিবর্তন আবারও প্রমাণ করে যে, কোনো রোগের নাম কেবল একটি পরিচয় নয় বরং এটি রোগটিকে দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গিই বদলে দেয়। PCOS থেকে PMOS-এ এই রূপান্তর চিকিৎসাবিজ্ঞানের একটি গভীর ও আধুনিক ধারণাগত পরিবর্তন। এটি আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে, এই সমস্যাটি শুধুমাত্র ডিম্বাশয়ের সিস্টে সীমাবদ্ধ নয় বরং এটি পুরো শরীরের হরমোন ও জৈব-রাসায়নিক প্রক্রিয়ার সাথে জড়িত একাধিক জটিল লক্ষণের এক সমন্বিত বহিঃপ্রকাশ।

তথ্যসূত্র:


এমবিবিএস (ঢাকা), এমপিএইচ,
সিসিডি (বারডেম), সিএমইউ

Comments