রক্তের DNA থেকে AI: ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা
বিশ্বজুড়ে অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। এই মাসে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়। একই সঙ্গে এ সম্পর্কে মানুষকে সচেতন করা, সময়মতো রোগ শনাক্ত করা এবং সঠিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির কারণে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে চিকিৎসার মূল ভাবনাই এখন বদলে যাচ্ছে। আগে প্রধান লক্ষ্য ছিল টিউমারটি কেটে ফেলা বা ধ্বংস করা। এখন শুধু টিউমার কোথায় আছে, তা দেখলেই হচ্ছে না। দেখা হচ্ছে ক্যান্সার কোষ কীভাবে নিজেদের বদলাচ্ছে, কোন রোগীর জন্য কোন ওষুধ বেশি কার্যকর হতে পারে, কেন কোনো ওষুধ একসময় কাজ করা বন্ধ করে দেয় এবং রক্ত পরীক্ষা করে ক্যান্সার আবার ফিরে আসার ঝুঁকির কোনো সংকেত আগেভাগে পাওয়া যায় কি না। ২০২৬ সালের আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণা দেখাচ্ছে, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ধীরে ধীরে সবার জন্য একই নিয়মের বদলে প্রতিটি রোগীর ক্যান্সারের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী করার দিকে এগোচ্ছে। রক্তের ডিএনএ পরীক্ষা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং লক্ষ্যভিত্তিক ওষুধ সব মিলিয়ে চিকিৎসায় বড় পরিবর্তন আসছ...



