ডায়াবেটিস বাড়াচ্ছে ভাত, ভাত কি সুস্বাস্থ্যের প্রধান অন্তরায়?

বাংলাদেশে ভাত ছাড়া একটি দিন কল্পনা করা কঠিন। সকাল থেকে রাত, আমাদের খাবারের কেন্দ্রবিন্দুতে থাকে ভাত। কিন্তু সময় বদলেছ। এখন ডায়াবেটিস, স্থুলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ দ্রুত বাড়ছে। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও এই পরিবর্তনের জন্য অনেকেই সরাসরি ভাতকে দায়ী করেন। ভাত সুস্বাস্থ্যের প্রধান অন্তরায় নয়, বরং অতিরিক্ত বা ভুল উপায়ে ভাত খাওয়াই সমস্যার মূল কারণ। প্রতিদিনের প্রয়োজনীয় শক্তির প্রধান উৎস হিসেবে ভাত উপকারী, তবে অতিরিক্ত খাওয়াতে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

আজকের বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় পালিশ করা সাদা চাল। দেখতে ঝকঝকে, রান্না সহজ, খেতেও নরম। কিন্তু এর একটি বড় সমস্যা আছে। Harvard T.H. Chan School of Public Health-এর মতে, চাল যত বেশি পালিশ করা হয়, ততই এর বাইরের ভুসি বা bran layer উঠে যায় আর সেই ভুসির সঙ্গেই হারিয়ে যায় ফাইবার, বি-ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। ফলে এই চাল দিয়ে তৈরি ভাত অনেক ক্ষেত্রে দ্রুত হজম হয় এবং রক্তে শর্করাও দ্রুত বাড়াতে পারে। Diabetes Care-এ প্রকাশিত glycemic index সংক্রান্ত বিশ্লেষণ দেখায়, চালের প্রভাব একেক ক্ষেত্রে একেক রকম হতে পারে। কোনো চাল ধীরে হজম হয়, আবার কোনো চাল দ্রুত রক্তে শর্করা বাড়ায়। এই পার্থক্য নির্ভর করে চালের ধরন, amylose content, polishing, parboiling এবং এমনকি রান্নার পদ্ধতির উপর। অর্থাৎ, প্রশ্নটা শুধু ভাত খাওয়া নয়—প্রশ্নটা হলো, আপনি কোন চালের ভাত খাচ্ছেন কিনা।

কম ফাইবারযুক্ত খাবার শরীরে দ্রুত ভেঙে যায়। এতে অনেকের ক্ষেত্রে রক্তে শর্করার ওঠানামা বেশি হয় এবং কিছু সময় পর আবার ক্ষুধা ফিরে আসে। JAMA-তে প্রকাশিত আলোচনায় এই ধরনের high-glycemic খাবারের প্রভাব নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার BMJ-তে প্রকাশিত গবেষণাগুলো ইঙ্গিত দেয় refined carbohydrate বেশি খাওয়া, একবেলায় বেশি পরিমাণে খাবার খাওয়া এবং কম শারীরিক পরিশ্রম—এই তিনটি একসঙ্গে থাকলে ডায়াবেটিস ও স্থুলতার ঝুঁকি বাড়তে পারে।

স্বাস্থ্যকর চাল কোনটি?

স্বাস্থ্যকর চাল বলতে এমন চালকে বোঝায়, যা কম প্রক্রিয়াজাত, ফাইবার তুলনামূলক বেশি, এবং শরীরে তুলনামূলক ধীরে প্রভাব ফেলে। এই দিক থেকে কয়েক ধরনের চাল বিশেষভাবে আলোচনায় আসে।

১। বাদামী চাল: বাদামী চাল মূলত সম্পূর্ণ শস্য। এর ভুসির স্তর পুরোপুরি তুলে ফেলা হয় না, তাই এতে ফাইবার বেশি থাকে এবং এটি তুলনামূলক ধীরে হজম হয়। BMJ-তে প্রকাশিত একটি বড় গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, সাদা চালের বদলে বাদামী চাল বেছে নেওয়া টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশে অনেকেই এখনও এর স্বাদ বা গঠনের সঙ্গে অভ্যস্ত নন। তাই একে সেরা বলা গেলেও, সবার জন্য সহজ বলা যায় না।
২। সিদ্ধ চাল: বাংলাদেশের জন্য সম্ভবত সবচেয়ে বাস্তবসম্মত বিকল্পগুলোর একটি হলো সিদ্ধ চাল। ধান সিদ্ধ করার সময় কিছু পুষ্টি উপাদান চালের দানার ভেতরে প্রবেশ করে। ফলে এটি সাধারণ সাদা আতপ চালের তুলনায় অনেক ক্ষেত্রেই ভালো পুষ্টি দিতে পারে। পুষ্টি বিজ্ঞান সংক্রান্ত গবেষণাগুলো দেখিয়েছে, parboiling অনেক ক্ষেত্রে চালের glycemic response-ও তুলনামূলকভাবে উন্নত করতে পারে। এই কারণেই গ্রামবাংলার বহু পুরোনো খাদ্যাভ্যাস আজকে জনস্বাস্থ্যে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে।
৩। বাসমতি চাল: সুগন্ধি বাসমতি চাল শুনলেই অনেকে ধরে নেন, এটি শরীরের জন্য “খারাপ”। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সব বাসমতি চাল একরকম নয়, কিছু জাতের চাল high-amylose এর কারণে তুলনামূলকভাবে ধীরে হজম হতে পারে। তবে American Journal of Clinical Nutrition-এ প্রকাশিত পুরোনো কিন্তু গুরুত্বপূর্ণ গবেষণাগুলোতে কিছু বাসমতি চালের lower glycemic effect এর কথাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বাসমতি মানেই “নিষিদ্ধ” নয়। সমস্যা সাধারণত তখনই হয়, যখন বাসমতি চাল দিয়ে তৈরি ভাত বা বিরিয়ানি বেশি পরিমাণে খাওয়া হয় এবং এর সঙ্গে তেল-চর্বিযুক্ত খাবারও থাকে
৪। লাল ও কালো চাল: লাল চাল ও কালো চাল—দুটিই ভুসিযুক্ত ও পুষ্টিগুণে সমৃদ্ধ প্রাকৃতিকভাবে রঞ্জিত (pigmented) আলাদা জাতের চাল, তবে এদের বাইরের রঙিন স্তর কতটা থাকবে তা আবার প্রক্রিয়াজাতকরণের উপরও নির্ভর করে।
লাল চাল সাধারণ সাদা চালের তুলনায় স্বাদ, রং ও গঠনে কিছুটা ভিন্ন হওয়ায় অনেকের কাছে এটি প্রথমে তুলনামূলক শক্ত বা কম পালিশ মনে হতে পারে, কিন্তু ভুসিযুক্ত হওয়ায় এতে ফাইবার বেশি থাকে এবং এর pigment layer-এ কিছু উপকারী phytochemical ও antioxidant থাকে। তবে সব লাল চালের low glycemic index হবে না, এটি চালের জাত, প্রক্রিয়াকরণ এবং রান্নার উপরে নির্ভর করে।
কালো চাল এখনও বাংলাদেশে খুব বেশি প্রচলিত নয়, কিন্তু পুষ্টি বিজ্ঞানে এটি বেশ আলোচিত। এতে anthocyanin নামের antioxidant থাকে, যা metabolic health-এর জন্য উপকারী হতে পারে। যদিও এটি প্রতিদিন খাবার মতো নয়, তবু পুষ্টিগত বৈচিত্র্যের জন্য এটি একটি উল্লেখযোগ্য বিকল্প।
৫। কম পালিশ করা চাল: এটি সম্ভবত সবচেয়ে সহজ বিকল্প। অনেকেই ভাবেন হয় পুরো সাদা চাল, না হয় পুরো বাদামী চাল। কিন্তু মাঝখানে একটি বাস্তবসম্মত পথ হলো কম পালিশ করা চাল। যারা বাদামী চালে পুরোপুরি খেতে পারছেন না, তারা যদি fully polished সাদা চালের বদলে semi-polished/ under-milled চাল খান, সেটিও বড় পরিবর্তন হতে পারে। গবেষণাগুলো দেখায়, চাল যত বেশি milled বা polished হয়, glycemic response অনেক ক্ষেত্রে তত বাড়তে পারে।


শুধু ভাতের চাল নয়, প্লেটটাই বদলান
ভাত খাওয়ার সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো প্লেটে ভাত বেশি নেওয়া। CDC-এর “Diabetes Plate Method” অনুযায়ী, একটি স্বাস্থ্যকর প্লেটের অর্ধেক হওয়া উচিত সবজি, এক-চতুর্থাংশ ভাত বা অন্য কার্বোহাইড্রেট, আর বাকি এক-চতুর্থাংশ ডিম, মাছ, মাংস বা ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। এই সহজ নিয়ম মেনে চললে ভাত বাদ না দিয়েও স্বাস্থ্যকরভাবে খাওয়া সম্ভব।

রান্নার ধরনেও পরিবর্তন আনুন
Food Chemistry-তে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রান্না করা ভাত ফ্রিজে ১২–২৪ ঘণ্টা ঠান্ডা করে পরে খেলে বা গরম করে খেলে resistant starch কিছুটা বাড়তে পারে, যা post-meal sugar response কিছুটা কমাতে সাহায্য করতে পারে। অনেকে আবার বেশি পানি দিয়ে ভাত রান্না করে ঝরিয়ে খান যাতে কিছু starch কমতে পারে। কিন্তু চাল অতিরিক্ত ধোয়া বা বেশি পানি দিয়ে রান্না করে সেই পানি ফেলে দিলে, পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন বিশেষ করে ভিটামিন বি এর কিছু অংশ কমে যেতে পারে। তাই চাল পরিষ্কার করার জন্য হালকা ১–২ বার ধোয়া যথেষ্ট, অতিরিক্ত ধোয়ার অভ্যাস পুষ্টিগুণ কিছুটা কমিয়ে দিতে পারে। তাহলে সবচেয়ে বড় বিষয় এখনো একই—আপনি কি ধরনের চাল খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন, এবং কিসের সঙ্গে খাচ্ছেন।

আমাদের খাদ্যসংস্কৃতিতে ভাত পুরোপুরি বাদ দেওয়া বাস্তবসম্মত নয়। তাই “ভাত ছেড়ে দিন” ধরনের পরামর্শ সাধারণ মানুষের জীবনে খুব বেশি কার্যকর হয় না। বরং বাস্তবসম্মত পরিবর্তনগুলো হলো:
  • অতিরিক্ত পালিশ করা চাল কমানো
  • সিদ্ধ চাল, কম পালিশ করা চাল, লাল চাল বা বাদামী চালের দিকে ধীরে ধীরে যাওয়া
  • ভাতের পরিমাণ কমানো
  • সবজি ও প্রোটিন বাড়ানো
  • প্রতিদিন নিয়মিত হাঁটা বা শরীরচর্চা করা।
এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও, দীর্ঘমেয়াদে এগুলোর প্রভাব বড় হতে পারে। ভাত আমাদের শত্রু নয়। আমাদের সমস্যা হলো—ভুল চাল নির্বাচন, অতিরিক্ত পরিমাণ, কম সবজি, কম শারীরিক পরিশ্রম। তাই এখন প্রশ্নটা আর “ভাত খাব কি খাব না” নয় বরং, আপনি কি ধরনের চাল খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন, এবং কিসের সঙ্গে খাচ্ছেন। এই তিনটি প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে, ভাত আমাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর।

এমবিবিএস (ঢাকা), এমপিএইচ,
সিসিডি (বারডেম), সিএমইউ

Comments